কলাপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. জসিম ফকির (৩৭) নামের এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে পৌরসভার বাদুরতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রোববার তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সেনা সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। কলাপাড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জসিম ফকিরের বাসা তল্লাশি করে ১টি চাইনিজ কুড়াল, ২টি চাকু, ৩টি চাপাতি ও ৩টি দা উদ্ধার করা হয়। আটককৃত জসিম এসব অস্ত্র ব্যবহার করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, আটককৃত জসিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাকে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৫৫ বার পড়া হয়েছে