কৃষকদের ঋণ পরিশোধ করবে সরকার: তারেক রহমান
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপি সরকার কৃষকবান্ধব সরকার—এ কথা উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, কৃষকদের কৃষিঋণ মওকুফ করা হবে এবং যারা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছেন, তাদের ঋণ সরকারের পক্ষ থেকে পরিশোধ করা হবে।
শনিবার দুপুর ২টায় দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দিনাজপুরের লিচু ও চাল দেশব্যাপী খ্যাত। এসব পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। দিনাজপুর দেশের একটি কৃষিপ্রধান এলাকা উল্লেখ করে তিনি বলেন, কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকার এ অঞ্চলের মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। কৃষিপ্রধান দেশে কৃষকদের অধিকার নিশ্চিত করা হয়নি। একইভাবে নারীদের অধিকারও ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নারীদের অধিকার প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে নারীদের অধিকার নিশ্চিত করেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময় উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। আগামী নির্বাচনে ক্ষমতায় এলে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে নারীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।
এছাড়া তিনি বলেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় নেতারা যাতে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সে জন্য সম্মাননার ব্যবস্থা করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভা শেষে বিকেল সাড়ে ৪টায় তারেক রহমান হেলিকপ্টারযোগে নীলফামারীর একটি নির্বাচনী পথসভায় যোগ দিতে রওনা দেন।
১২২ বার পড়া হয়েছে