মনপুরায় বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৮, নৌবাহিনী মোতায়েন
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভোলার মনপুরা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।
শুক্রবার উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এলাকায় ভোট চাইতে গেলে দুই দলের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
উত্তর সাকুচিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহিম অভিযোগ করেন, তাদের নেতাকর্মীরা প্রচারণা চালাতে গেলে বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে জামায়াতের অন্তত পাঁচজন আহত হন।
অন্যদিকে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন দাবি করেন, ভোট চাওয়ার নামে জামায়াতের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে বিএনপি কর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি জানান, একটি বাড়িতে ভোট চাইতে গেলে সেখানে জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত হন। এ সময় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে।
আহত বিএনপি সমর্থকদের মধ্যে রয়েছেন মো. গণিমাঝি, রাসেল হাওলাদার ও গণিমাঝির মা। জামায়াত সমর্থকদের মধ্যে আহত হয়েছেন মো. ইদ্রিস, মো. রুবেল, তারেক, মাওলানা শরীফ ও মো. সাদ্দাম।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১০৯ বার পড়া হয়েছে