সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের বাড়তি নিরাপত্তা, ৫৬ কেন্দ্রে টহল জোরদার
বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুন্দরবন উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা তৎপরতা শুরু করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন।
খুলনার দাকোপ ও কয়রা উপজেলার ১১টি ইউনিয়নের ৫৬টি ভোটকেন্দ্রে নিয়মিত টহল, ফুট পেট্রোলিং ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।
কোস্টগার্ড সূত্র জানায়, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন। নিয়মিত টহলের কারণে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে আসছে। নিয়মিত অভিযান ও তৎপরতার মাধ্যমে বাহিনীটি উপকূলবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে।
তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কোস্টগার্ড বদ্ধপরিকর। এ লক্ষ্যে ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী দায়িত্বাধীন দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর কেন্দ্রগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কোস্টগার্ড অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।
১৪৮ বার পড়া হয়েছে