গোপালগঞ্জে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ
বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয়ে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ল্যাব অপারেটর লিমন বিশ্বাস ও প্রধান শিক্ষক বিজয় হালদারের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, গত ৩ ফেব্রুয়ারি স্কুল ছুটির সময়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ল্যাব অপারেটর লিমন বিশ্বাস যৌন হয়রানির শিকার করেন। পরিবারের অভিযোগ, বিষয়টি প্রধান শিক্ষকের কাছে জানালে তিনি ঘটনার বিচার না করে ধামাচাপা দিতে লিমন বিশ্বাসের কাছ থেকে ৪ লক্ষ টাকা নেন। টাকা নেওয়ার পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় পরিবার বিষয়টি স্থানীয়দের কাছে জানান।
এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার স্কুলের ক্লাস বর্জন করে স্কুল কম্পাউন্ডে বিক্ষোভে নামে। তারা প্রধান শিক্ষক বিজয় হালদার ও ল্যাব অপারেটর লিমন বিশ্বাসের বরখাস্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অফিস কক্ষ ও স্কুলের গেটে তালা দিয়ে রাখে।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম তালুকদার জানান, শিক্ষার্থীদের আন্দোলনের খবর তিনি শুনেছেন, তবে স্কুলের শিক্ষকরা এ বিষয়ে তাকে পূর্বেই জানায়নি। এছাড়া ল্যাব অপারেটরের বিরুদ্ধে অভিযোগও তাকে জানানো হয়নি।
স্থানীয় সাতপাড় ইউনিয়নের চেয়ারম্যান কৌশিক কীর্ত্তনীয়া বলেন, “স্কুল একটি পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান। যারা শিক্ষার্থীদের শিক্ষাদান করবে, তাদেরই যদি এমন ঘটনা ঘটায়, তাহলে ছাত্র-ছাত্রীদের শিক্ষা কোথায় যাবে। ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাই।”
১৭৬ বার পড়া হয়েছে