প্রশাসন জনগণের বিরুদ্ধে থাকলে ৫ আগস্ট হবে : হাসনাত আব্দুল্লাহ
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিনাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 'বিগত তিনটি নির্বাচনে পুলিশ ও প্রশাসনকে সামনে রেখে দিনের ভোট রাতের মধ্যে সম্পন্ন করা হয়েছে, এমনকি মৃত মানুষের ভোটও নির্বাচনের ফলাফল প্রভাবিত করেছে।'
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, 'প্রশাসনের অনেকেই চায় একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিকরা ক্ষমতায় আসুক।'
তিনি আরও বলেন, 'এই নির্বাচন ১৪ শহিদ ও অতীতের গুম, খুন, নির্যাতনের প্রতিশোধের নির্বাচন। বহু রক্ত ঝরেছে, অনেক স্ত্রী স্বামী হারিয়েছেন, অনেক মা সন্তান হারিয়েছেন। প্রশাসন যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, তবে পুনরায় ৫ই আগস্টের মতো ঘটনা ঘটতে পারে। ভবিষ্যত প্রজন্মের জন্য দেশের দায়িত্ব প্রশাসনকেও নিতে হবে।'
হাসনাত আব্দুল্লাহ এই মন্তব্য করেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায়।
তিনি বলেন, 'গত দেড় বছরে চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে অর্জিত অর্থ এবার নির্বাচনে ব্যবহার করা হচ্ছে। তবে আমরা জনগণের ওপর বিশ্বাস রাখি। ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে। মানুষ চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে অতিষ্ঠ।'
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, 'ভোটাররা সিদ্ধান্ত নেবে, তারা টাকার কাছে নিজেদের গোলামী স্বীকার করবে নাকি সঠিক ভোটাধিকার প্রয়োগ করে আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার মালিক হবেন।'
নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নবীনগর উপজেলা শাখার আমীর মোখলেছুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর মোঃ মোবারক হোসাইন।
এ সময় হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকে সমালোচনা করে বলেন, 'আমরা দেখছি সারা মিডিয়ায় এক পক্ষের প্রচার, শুধুমাত্র বিএনপির বন্দনা। নির্বাচনে যদি মিডিয়া নিরপেক্ষ ভূমিকা পালন না করে, জনগণ এবার মিডিয়াকেও লালকার্ড দেখাবে।'
নির্বাচনী জনসভাকে ঘিরে বিভিন্ন স্থান থেকে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা মিছিলসহ সভাস্থলে উপস্থিত হন।
১৯০ বার পড়া হয়েছে