বরিশালে ২০ বছর পর তারেক রহমান, বেলস পার্কে বিএনপির জনসভা শুরু
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালে বিএনপির নির্বাচনি জনসভা শুরু হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে এ জনসভার কার্যক্রম শুরু হয়।
জনসভায় অংশ নিতে দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর বরিশালের মাটিতে পা রাখায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় সকাল থেকেই জনসভাস্থলে ভিড় জমাতে থাকেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
এ জনসভা থেকে দেশবাসীর উদ্দেশে নির্বাচনি বার্তা দেওয়ার পাশাপাশি বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে বিএনপি ও জোট শরিকদের প্রার্থীদের পরিচয় তুলে ধরবেন তারেক রহমান।
দলীয় চেয়ারম্যানের সফরকে ঘিরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভাগের ছয়টি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশের আগের দিনই বরিশাল নগরীতে এসে পৌঁছান। মঙ্গলবার দুপুরের পর থেকেই তারা বেলস পার্ক মাঠে অবস্থান নিয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, “শুধু বিএনপির নেতাকর্মীরাই নন, সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি থাকবে। উপস্থিত মানুষের সংখ্যা স্বাভাবিক দৃষ্টিতে নির্ধারণ করা কঠিন, এর জন্য প্রযুক্তির সহায়তা প্রয়োজন হবে।”
এদিকে জনসভা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার সুশান্ত সরকার বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমাবেশস্থলসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন।
তিনি আরও জানান, শুধু জনসভা নয়, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পুলিশ কাজ করছে এবং অন্যান্য প্রার্থীদের প্রচারণায় নিরাপত্তা দিতেও নগরীতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকবে।
১৮৩ বার পড়া হয়েছে