দশমিনায় যৌথ বাহিনীর অভিযান: মাদক ও দেশীয় অস্ত্রসহ ৩ জন আটক
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (রাত) উপজেলার রনগোপালদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন— রনগোপালদী গ্রামের মোঃ হারুন পেশকারের ছেলে মোঃ হানিফ পেশকার (২৫), সুশিল সদরদারের ছেলে সুমন সরদার (৩২) এবং আবদুল হক হাওলাদারের ছেলে মোঃ জিয়া সরদার (৩০)।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দশমিনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু করা হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার গভীর রাতে দশমিনা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার বিএ-৭৮৩২ মেজর তানজিল নূর (ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ১টি অটোমেটিক চাকু, ৭টি দেশীয় অস্ত্র, ৫০ গ্রাম গাঁজা, ১৯ পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন, ২টি মাদক মাপার যন্ত্র, মাদক সেবনের বিভিন্ন উপকরণ, ৯ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং নগদ ১৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মেজর তানজিল নূর জানান, নির্বাচনকালীন সময়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটক তিনজনকে উদ্ধারকৃত আলামতসহ দশমিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসনাইন পারভেজ জানান, যৌথ অভিযানে আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতেও মাদক ও অপরাধ দমনে অভিযান জোরদার থাকবে।
১০৪ বার পড়া হয়েছে