শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টা নিয়ে সংঘর্ষে আলমগীর (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় অন্তত আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বালাসুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলমগীর বালাসুর এলাকার বাসিন্দা। তিনি এবং তার ভাই তমিজউদ্দীন যৌথভাবে বালাসুর বাজারে ‘তমি মার্কেট’ নির্মাণের কাজ শুরু করেছিলেন।
আহতরা হলেন: তমিজউদ্দীন (৬৫), জাহাঙ্গীর (৫৫), তারেক (৩৫), তানসেল (২২), তুষার (২৪), আব্দুর রহমান (২৩)সহ আরও কয়েকজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হান্নান হাজী গং, মানিক ডাকাত ও তাপস নামের কয়েকজন ওই জমিতে নিজেদের মালিকানা দাবি করে আদালতে মামলা করেছিলেন। কিন্তু মামলায় তারা ব্যর্থ হন। এরপর রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই জায়গা দখলের চেষ্টা চালানো হয়। মঙ্গলবার ভোরে পুনরায় দেশীয় অস্ত্রসহ তাদের দখলের চেষ্টা করতে দেখা যায়। এ সময় আলমগীর বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। সংঘর্ষে আরও কয়েকজন আহত হন।
স্থানীয়রা আহত আলমগীরকে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালেও প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, 'জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযোগ পেয়েছি এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
১০৩ বার পড়া হয়েছে