সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন ১৮ হাজার ৭৭০ জন ভোটার। এদের মধ্যে প্রবাসী ভোটারের সংখ্যা ৫ হাজার ৬৮৬ জন, যা এবারের নির্বাচনে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রবাসে অবস্থানরত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়। নিবন্ধনের পর ব্যালট পেপার হাতে পেয়ে ভোটাররা ডাকযোগে তা ফেরত পাঠাচ্ছেন। প্রবাসী ভোটারদের পাশাপাশি সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাবন্দি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন।
আসনভিত্তিক তথ্যে দেখা যায়, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২ হাজার ৫৬ জন ভোটার। এর মধ্যে পুরুষ ১ হাজার ৯৮১ জন এবং নারী ৭৫ জন। এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ১৯৮ জন।
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে পোস্টাল ব্যালটে ভোটার নিবন্ধনের সংখ্যা সর্বাধিক। এখানে নিবন্ধন করেছেন ১ হাজার ৬৯৪ জন ভোটার, যার মধ্যে পুরুষ ১ হাজার ৬০১ জন এবং নারী ৯৩ জন। এ আসনে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ৩০ হাজার ৫৮১ জন।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১ হাজার ২৩৫ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ১৯৮ জন এবং নারী ৩৭ জন। এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৮ হাজার ২২৪ জন।
অন্যদিকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে পোস্টাল ব্যালটে ভোটার নিবন্ধন করেছেন ৭০১ জন। এর মধ্যে পুরুষ ৬৬৫ জন এবং নারী ৩৬ জন। এই আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৪২১ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, প্রবাসে থেকেও ভোটাররা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্ধারিত নিয়ম মেনে ফেরত আসা পোস্টাল ব্যালটগুলো ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার জানান, সাতক্ষীরার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১৬ হাজার ৪২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১০ হাজার ৩৬৭ জন, নারী ভোটার ৯ লাখ ৬ হাজার ৪৩ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১৪ জন। এছাড়া জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৬০৯টি এবং ভোট কক্ষের সংখ্যা ৩ হাজার ৪১০টি।
১২২ বার পড়া হয়েছে