মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৭ হাজার ৫০০ টন গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল থেকে পানামা পতাকাবাহী ‘আলট্রা ওল’ জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা শেষে এ কার্যক্রম চালু হয়।
বন্দর সূত্র জানায়, জাহাজটি গত ২৯ জানুয়ারি মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙর করে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর আজ সকালে গম খালাস শুরু হয়।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট প্রতিষ্ঠান ‘সেভেন সিস’-এর ব্যবস্থাপক মো. শামিম জানান, গত বছরের ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড, ওরেগন বন্দর থেকে গম নিয়ে জাহাজটি মোংলার উদ্দেশ্যে যাত্রা করে।
মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান সরদার বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সরকার-টু-সরকার (জি টু জি) চুক্তির আওতায় এ গম আমদানি করা হচ্ছে। চুক্তি অনুযায়ী মোংলা বন্দর দিয়ে মোট ৪ লাখ ৫০ হাজার টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। বর্তমান চালানটি এ কার্যক্রমের চতুর্থ চালান।
তিনি আরও জানান, এর আগে গত বছরের ২ নভেম্বর প্রথম চালানে ২২ হাজার ৭৮০ টন, ১৪ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন এবং চলতি বছরের ৫ জানুয়ারি তৃতীয় চালানে ২২ হাজার ৭৫৬ টন গম আমদানি করা হয়। এসব গম মোংলা সাইলোতে সংরক্ষণ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।
উল্লেখ্য, বাণিজ্য ঘাটতি কমাতে গত বছরের জুলাই মাসে বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
১৩৫ বার পড়া হয়েছে