প্রার্থীদের সদিচ্ছায় শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব : রিটার্নিং কর্মকর্তা
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ। তিনি বলেন, প্রার্থীরা যদি সহযোগিতার মনোভাব দেখান, তাহলে নির্বাচন অবশ্যই শান্তিপূর্ণ হবে।
সোমবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের শিবগঞ্জ উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। এই জেলার জনগণই পারে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে। তিনি আরও বলেন, অতীতের তিনটি নির্বাচন নিয়ে আলোচনার প্রয়োজন নেই। আসন্ন নির্বাচন কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। রাষ্ট্রের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ।
তিনি জানান, ২০২৬ সালের নির্বাচন হবে একটি মডেল নির্বাচন। ভবিষ্যতে ২০৩২ ও ২০৩৬ সালের নির্বাচন এলে মানুষ এই নির্বাচন নিয়ে গর্ব করবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে দক্ষ প্রিজাইডিং অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশিক আহমেদসহ সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১১৮ বার পড়া হয়েছে