সর্বশেষ

সারাদেশ

সাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি কোনো ধরনের বিতর্কিত নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে ১১ দলীয় জোট তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে।

রোববার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগেই নির্ধারিত ফলাফল চাপিয়ে দেওয়ার মতো কোনো নির্বাচন আয়োজন করা হলে ১১ দলীয় জোট পরিস্থিতি অনুযায়ী যেকোনো কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না।

আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, যার ফলে বিভিন্ন এলাকায় সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। তিনি জামায়াতে ইসলামীর এক উপজেলা নেতার হত্যার ঘটনার উল্লেখ করে বলেন, এসব ঘটনা ১১ দলীয় জোট সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। তবে এই ধৈর্যকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই বলেও তিনি মন্তব্য করেন।

নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির মুখপাত্র। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে আগেও তারা উদ্বেগ প্রকাশ করেছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, মাঠ পর্যায়ে সরকারের নিয়ন্ত্রণ ও প্রশাসনিক প্রস্তুতির ঘাটতি আরও স্পষ্ট হচ্ছে বলে দাবি করেন তিনি।

গণভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত সব জরিপে ‘হ্যাঁ’ ভোট স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট আরও শক্তিশালী হবে এবং চলমান সংস্কার প্রক্রিয়া দৃঢ় ভিত্তি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ‘না’ ভোটের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, দিল্লিকেন্দ্রিক রাজনীতি বাংলাদেশের জনগণের কাছে আর প্রাসঙ্গিক নয়। যারা বিদেশি শক্তির সঙ্গে আঁতাত করে রাজনীতি করে, তাদের বক্তব্যকে রাজনৈতিকভাবে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

গণভোটে আওয়ামী লীগের ‘না’ ভোটের পক্ষে প্রচারণা প্রসঙ্গে এনসিপির মুখপাত্র বলেন, এতে কিছু আসে যায় না। গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা রাজনৈতিকভাবে গুরুত্ব হারিয়েছে। তিনি দাবি করেন, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।

এর আগে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে তার বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন আসিফ মাহমুদ। তিনি আশ্বাস দেন, শহীদ আবু সাইদের স্বপ্ন বাস্তবায়নে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

মতবিনিময় সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট ও এনসিপির প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় পথসভায় বক্তব্য দেন তিনি। একই দিনে পীরগাছাতেও জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন