এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৪:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)–এর উদ্যোগে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত দুই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়।
৩০ ও ৩১ জানুয়ারি ঢাকার একটি হোটেল এবং এইউবির আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল “হায়ার এডুকেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট”।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জারী আবদ কাদির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইউবির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা একাডেমির চেয়ারম্যান ও বরেণ্য সাহিত্যিক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোশারফ হোসাইন ভূইয়া।
প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী বলেন, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি সুপরিচিত ও সম্মানজনক প্রতিষ্ঠান। টেকসই উন্নয়ন লক্ষ্যে উচ্চশিক্ষা খাতে এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে যৌথ সহযোগিতায় কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
মূল প্রবন্ধে অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, বিশ্বমানসম্মত সিলেবাস ও যুগোপযোগী কারিকুলামের মাধ্যমে এইউবি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। মানসম্মত শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ ও নৈতিক মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়টি কাজ করছে। গত তিন দশকে প্রতিষ্ঠানটি বহু যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করেছে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু ডিগ্রি প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; উদ্ভাবনী গবেষণা ও শিক্ষণ পদ্ধতির উন্নয়নে আরও জোর দিতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোশারফ হোসাইন ভূইয়া সম্মেলনে অংশ নেওয়া অতিথি, গবেষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, পেশাগত দক্ষতা, নৈতিক নেতৃত্ব ও সমাজকল্যাণে অবদান রাখতে সক্ষম গ্র্যাজুয়েট তৈরিতে এইউবি প্রতিশ্রুতিবদ্ধ।
সম্মেলনে দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও স্কলাররা তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ও সিন্ডিকেট সদস্য, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
৩৮১ বার পড়া হয়েছে