সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, জবাব দেয়নি রিয়াদ
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকার পাঠানো প্রশ্নের জবাব এখনো দেয়নি রিয়াদ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশি কর্তৃপক্ষকে না জানিয়েই গত ১৪ অক্টোবর তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ঘটনায় মামলার নথি, দণ্ড কার্যকরের কারণ এবং বাংলাদেশি কূটনৈতিক মিশনকে অবহিত না করার বিষয়ে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার।
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। তবে ঢাকার পাঠানো প্রশ্নের জবাব এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম।
বুধবার তিনি এ তথ্য জানান। এর আগে গত ১৪ অক্টোবর বাংলাদেশি কর্তৃপক্ষকে না জানিয়েই ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
চলতি সপ্তাহের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি আরবের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্যে রয়েছে আদালতের রায়ের অনুলিপি, কী অপরাধে তাঁদের দণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এবং বাংলাদেশি কূটনৈতিক মিশনকে কেন বিষয়টি জানানো হয়নি, তার ব্যাখ্যা।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অশালীন কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর এক পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, মামলার বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার পর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে সরকার।
এ ঘটনায় জনসাধারণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্ট দেখে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর পরামর্শ দিয়েছেন তিনি। ভুল তথ্য ও অপতথ্য থেকে সতর্ক থাকারও আহ্বান জানান শামা ওবায়েদ।
বাংলাদেশের সবচেয়ে বড় প্রবাসী শ্রমবাজার সৌদি আরব। দেশটিতে আনুমানিক ৩৫ লাখ বাংলাদেশি কর্মী বসবাস করেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এ কারণে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও নিরাপত্তার বিষয়টি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ।
১৭৯ বার পড়া হয়েছে