গোপালগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ৩০
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৪:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর এলাকায় ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের যুবকদের মধ্যে একটি ফুটবল ম্যাচ চলছিল। খেলা চলাকালীন উভয় পক্ষের দর্শকদের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। এর জের ধরে ফকিরকান্দি গ্রামের কয়েকজন লোক ঘোষেরচর গ্রামের হান্নান মোল্লা নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশের প্রায় শতাধিক সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
সংঘর্ষ চলাকালে ইটের আঘাত ও দেশীয় অস্ত্রের কোপে ৫ জন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এক পুলিশ সদস্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, প্রায় দুই ঘণ্টার নিরলস চেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
১০৯ বার পড়া হয়েছে