চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি'র সিসিটিভি ও সাইবার নজরদারি
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে চাঁপাইনবাবগঞ্জের ১৬৪টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল, গোয়েন্দা নজরদারি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবতলার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুররানী মন্দির প্রাঙ্গণ পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৫-এর কোম্পানি কমান্ডার মো. তরিকুল ইসলাম। তিনি জানান, বর্তমানে কোনো ধরনের নাশকতার সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সার্বিক নিরাপত্তায় ৩৪ জন সদস্য সরাসরি দায়িত্বে নিয়োজিত রয়েছেন এবং দুটি বিশেষ টহল দল মাঠে সক্রিয় রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব বা উসকানিমূলক পোস্ট ছড়িয়ে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সে লক্ষ্যে রাজশাহী সদর দপ্তর ও স্থানীয় সেলের মাধ্যমে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি চালানো হচ্ছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
সংবাদ সম্মেলনে পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, রাতে নিরবচ্ছিন্ন আলোর জন্য বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা রাখা এবং প্রতিমা বিসর্জনের সময়ে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সন্দেহজনক কোনো বিষয় চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।
২০০ বার পড়া হয়েছে