এশিয়ান ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার ও দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৯:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে উচ্চশিক্ষার নানা সুযোগ ও সম্ভাবনা নিয়ে ‘হায়ার এডুকেশন অ্যান্ড দ্য পাথওয়েজ’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম (ইউএসআইএম)-এর সঙ্গে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের আয়েশা মেমোরিয়াল হলে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশাররফ হোসেন ভূঁইয়া। এতে কীনোট স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন ইউএসআইএম মালয়েশিয়ার লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন ড. মোহাম্মদ রুশদান মোহাম্মদ জিলানি এবং অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন একই অনুষদের সহযোগী অধ্যাপক ড. মো. ইউসুফ আলী।
সেমিনার শেষে যৌথভাবে এইউবি ও ইউএসআইএম-এর প্রতিনিধিরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে দুই দেশের শিক্ষার্থীরা পরস্পর ক্যাম্পাসে উচ্চশিক্ষার সুযোগ পাবেন এবং গবেষকরা সমসাময়িক বৈশ্বিক ইস্যুতে যৌথভাবে গবেষণা পরিচালনা করতে পারবেন। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে পাঠ্যক্রম আধুনিকায়ন এবং জ্ঞানভিত্তিক কর্মশালা পরিচালনার ক্ষেত্র তৈরি হবে।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমগ্র আন্তর্জাতিক এই আয়োজনটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান ভূঁইয়া।
১৫২ বার পড়া হয়েছে