ফরিদপুরে ইজিবাইক চালক হত্যা ও ছিনতাই: অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৯:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে ইজিবাইক চালককে চেতনানাশক প্রয়োগে হত্যা ও যানবাহন ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্তের পর ছিনতাই হওয়া ইজিবাইকের একটি অংশের সূত্র ধরে এই চক্রটিকে শনাক্ত করা হয়। শুক্রবার এক সংবাদ সম্মেলনে পিবিআইয়ের পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম জানান, ২০২২ সালের ১৬ জুলাই রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড থেকে তালমা যাওয়ার উদ্দেশ্যে চালক বিশ্বনাথ সরকারের ইজিবাইক ভাড়া করে ৫ জনের একটি ছিনতাইকারী দল। ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় পৌঁছে চালককে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় তারা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই চালক।
ঘটনার পর নিহতের ছেলে রবি কুমার সরকার বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা ও ছিনতাই মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই। তদন্তের একপর্যায়ে একটি গ্যারেজে থাকা ছিনতাই হওয়া ইজিবাইকের হুটের সূত্র ধরে চক্রটির সন্ধান মেলে।
পিবিআই অভিযান চালিয়ে ফলপট্টি এলাকা থেকে মূল অভিযুক্ত মুরাদ শেখসহ গ্যারেজ মালিক কামাল এবং ছিনতাইকারী সুমন আহমেদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মুরাদ শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই অপরাধ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে পিবিআইয়ের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
১২৬ বার পড়া হয়েছে