সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় ধর্মীয় অবমাননার অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার দেবহাটায় ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীম নামে এক যুবককে দুই দফায় গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্বজনদের দাবি, শামীম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

নিহত ওয়াহিদুজ্জামান শামীম দেবহাটা উপজেলার বড় শান্তা গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। স্বজনদের সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং নিয়মিত ওষুধ সেবন করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজলুল হক আমিনী নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে স্থানীয়দের একত্র হওয়ার আহ্বান জানান। এর পরপরই বিক্ষুব্ধ জনতা উপজেলার কুলিয়া এলাকায় এক গ্রাম্য চিকিৎসকের চেম্বারে চিকিৎসাধীন শামীমের ওপর প্রথম দফায় হামলা চালায়।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর সূত্রে দেবহাটা থানা পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু পরবর্তীতে রাত ৯টার দিকে কয়েকশো লোক মিছিল নিয়ে দ্বিতীয় দফায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে পুনরায় আক্রমণ চালায়।

পরিস্থিতির চরম অবনতি ঘটলে দ্রুত তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শামীমকে মৃত ঘোষণা করেন।

ঘটনা সম্পর্কে নিহতের ছোট ভাই সাগর হোসেন ক্ষোভ প্রকাশ করে জানান, স্ত্রীর সঙ্গে ঝগড়ার একটি বিষয়কে কেন্দ্র করে ভিত্তিহীন ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়। আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে একজন অসুস্থ মানুষকে পিটিয়ে হত্যা করার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম শাহীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০