সারাজীবন বিএনপি করে আজ আমরা বঞ্চিত: সারের ডিলারশিপ নিয়ে মারধরে আহত ব্যক্তি
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৮:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগ তোলায় শেখ খোরশেদ আহমেদ দোলন (৫০) নামের এক যুবদল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। তাঁকে বাঁচাতে গিয়ে আরও তিনজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত চারজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে এক যুবদল কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। আহত শেখ খোরশেদ আহমেদ দোলন জেলা যুবদলের সদস্য। এ ঘটনায় তাঁকে রক্ষা করতে গিয়ে আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত দোলন ওই ইউনিয়নের দুলারডাঙ্গী গ্রামের বাসিন্দা। আহত অন্য তিনজন হলেন উত্তর গোপীনাথপুর গ্রামের সুমন তালুকদার (৩৬), গোপালপুর গ্রামের ওয়াজেদ মোল্যা (৫০) এবং বাড়ৈইডাঙ্গী গ্রামের মোস্তাক আহমেদ কলি মণ্ডল (৫০)। তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রামনগর ইউনিয়নে সারের ডিলারশিপের জন্য আবেদন করেন যুবদল সদস্য খোরশেদ আহমেদ দোলন এবং একই ইউনিয়নের বিএনপি নেতা মান্নান মণ্ডলের ছেলে শিবলী সাদিক ওরফে তুষার মণ্ডল (৩০)। পরে মেসার্স এসএস এন্টারপ্রাইজের নামে ডিলারশিপের চূড়ান্ত নিয়োগ পান তুষার মণ্ডল। এ নিয়োগপ্রক্রিয়ায় আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগ তোলেন দোলন।
এর ধারাবাহিকতায় ১১ অক্টোবর বেলা ১১টার দিকে নগরকান্দা প্রেসক্লাবে নিয়োগবঞ্চিত ব্যক্তিরা সংবাদ সম্মেলন করেন। সেখানে দোলন তাঁর ইউনিয়নে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ জানান। অর্থের বিনিময়ে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
দোলনের বড় ভাই শেখ ফরিদ আহমেদ মিলনের অভিযোগ, এসব বক্তব্যের কারণে তুষার মণ্ডল ক্ষুব্ধ হন। এর জের ধরে সোমবার সন্ধ্যায় বাঙ্গাবাড়িয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকা দোলনের ওপর হামলা চালানো হয়।
শেখ ফরিদ আহমেদ মিলন বলেন, ‘সন্ধ্যায় বাজারের একটি চায়ের দোকানে বসেছিল দোলন। এ সময় তুষারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। ভাইকে বাঁচাতে গেলে অন্যদেরও পিটিয়ে আহত করা হয়।’
তিনি আরও বলেন, ‘সারা জীবন বিএনপি করে আজ আমরা বঞ্চিত হয়েছি। টাকার বিনিময়ে ডিলারশিপ নিয়োগ দেওয়া হয়েছে। আমার ভাই এর প্রতিবাদ করায় পিটিয়ে আহত এবং মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তাকে বাঁচাতে যাঁরা এগিয়ে গিয়েছেন তাঁদের প্রত্যেককেই পিটিয়েছে। পরে খবর পেয়ে আমরা চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। তাঁদের মধ্যে আমার ভাইয়ের অবস্থা ভালো নয়।’
এ বিষয়ে মেসার্স এসএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তুষার মণ্ডলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
নগরকান্দা থানার পরিদর্শক (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, ‘দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হাতুড়ি দিয়ে পেটানোর বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
১৮৩ বার পড়া হয়েছে