নগরকান্দায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৩:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দায় রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকিরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে মুখোশ পরা ১৫ থেকে ২০ জনের একটি দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকিরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মুঠোফোন ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায় ডাকাতেরা।
শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পশ্চিমপাড়া গ্রামে তাঁর বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
আব্দুল কুদ্দুস ফকিরের ভাষ্য, গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে লুটপাট চালায়। এ সময় তাঁর ঘরে থাকা ৪২ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণালঙ্কার, দুটি মুঠোফোন ও একটি মোটরসাইকেল নিয়ে যায় ডাকাতেরা।
আব্দুল কুদ্দুস ফকির বলেন, ডাকাত দলের সদস্যদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর হতে পারে। তাঁদের কাছে পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল। ঘরে স্বর্ণালঙ্কার খুঁজতে ডাকাতেরা একধরনের যন্ত্র ব্যবহার করে। এ ছাড়া তালা খোলার কাজে একধরনের গুঁড়াও ব্যবহার করে তারা।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।
২১৬৪ বার পড়া হয়েছে