নেত্রকোনায় নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনার মোহনগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর ফজলুর রহিম কাজল নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, মুক্তিপণ না পেয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফজলুর রহিম কাজলের বাড়ি পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামে। তিনি ওই গ্রামের মৃত জবান আলীর ছেলে। গত ৭ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর থেকেই পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তাদের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। এ ঘটনায় ৭ অক্টোবরই ধর্মপাশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর শুক্রবার সকালে মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া ইউনিয়নের বিরামপুর গ্রামের একটি পারিবারিক কবরস্থানের গাছের সঙ্গে তার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে এসে লাশটি ফজলুর রহিম কাজলের বলে শনাক্ত করেন। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মুক্তিপণ দাবির পর এভাবে ঝুলন্ত লাশ উদ্ধার হওয়ায় তাদের মনে গভীর সন্দেহের দানা বেঁধেছে। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুল ইসলাম হারুন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১০৫ বার পড়া হয়েছে