মুন্সিগঞ্জে বহুতল ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বাসিন্দাদের
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সিগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকায় একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সময়োপযোগী তৎপরতায় ভবনের ছাদে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকার মোহাম্মদপুরে জাকির গাজীর মালিকানাধীন ওই বহুতল ভবনের নিচতলায় হঠাৎ আগুন ধরে যায়। নিচতলার বৈদ্যুতিক মিটার বোর্ডে লাগা আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে পুরো ভবন ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এতে ভবনের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয় এবং তারা জীবন বাঁচাতে ছাদে আশ্রয় নেন।
খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা একদিকে যেমন আগুন নেভানোর কাজে তৎপর ছিলেন, অন্যদিকে ছাদে আটকা পড়া বাসিন্দাদের নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হন। তাদের এই দ্রুত পদক্ষেপের ফলে বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটেনি।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। তবে ভবনের অন্তত ১০টি বৈদ্যুতিক মিটার সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ বা শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছিল। সঠিক সময়ে খবর পেয়ে ব্যবস্থা নেওয়ায় একটি বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
১৯৩ বার পড়া হয়েছে