ভারতের আগ্রহ থাকলে চুক্তি করে দ্রুত চালু হবে মোঘলহাট স্থলবন্দর
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
লালমনিরহাটের মোঘলহাট স্থলবন্দর নতুন করে চালুর উদ্যোগ নিচ্ছে বর্তমান সরকার। ভারতের আগ্রহ থাকলে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে নতুন চুক্তির পর এই স্থলবন্দরটি পুরোদমে সচল করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ দুপুরে নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসানকে সঙ্গে নিয়ে বন্দর এলাকা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, আগের সরকারের আমলে মোগলহাট স্থলবন্দর চালুর বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি সইয়ের কথা প্রচার করা হলেও বাস্তবে কোনো চুক্তিই করা হয়নি। বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে ভারতের সঙ্গে এই চুক্তি সম্পন্ন করতে আন্তরিকভাবে কাজ করছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, মোঘলহাট স্থলবন্দরটি পুনরায় সচল হলে লালমনিরহাট জেলার আর্থসামাজিক চিত্রে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। এটি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা করার পাশাপাশি জেলার বেকার তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্রে এক বিরাট মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
একই সভায় বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান জানান, স্থলবন্দরটি চালুর বিষয়ে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যেই স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঘলহাট এলাকা পরিদর্শন করে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করেছেন। লালমনিরহাটের মানুষের দীর্ঘদিনের এই দাবি পূরণে শিগগিরই একটি সুখবর দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মনজুরুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং রাজস্ব শাখার উপ-পরিচালক জি.আর সারোয়ার।
১১৭ বার পড়া হয়েছে