রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে নেশাগ্রস্ত যুবকের মৃত্যু
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাড়ির পাশের পুকুর থেকে রতন নামের এক নেশাগ্রস্ত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার ভাতাহাড়িয়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নেশাগ্রস্ত অবস্থায় অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
নিহত রতন রায়গঞ্জ উপজেলার ভাতাহাড়িয়া গ্রামের রহিম বক্সের ছেলে। পারিবারিক সূত্র জানায়, রোববার ভোররাত আনুমানিক ৩টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন রতন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর ঘরে ফিরে আসেননি। সকালে বাড়ির পাশের পুকুরে রতনের মা তাঁর মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হলে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের পিতা রহিম বক্স জানিয়েছেন, রতন দীর্ঘদিন ধরে মারাত্মক মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়শই পরিবারের সদস্যদের মারধর ও চরম মানসিক নির্যাতন করতেন। এই অত্যাচারের অতিষ্ঠ হয়ে ইতিপূর্বে থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান গণমাধ্যমকে জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবেই মৃত্যু বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
১০৬ বার পড়া হয়েছে