দৌলতপুরে রাস্তার পাশ থেকে তাজা ককটেল উদ্ধার
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর এলাকায় রাস্তার পাশ থেকে একটি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে একটি পাকা রাস্তার পাশ থেকে ককটেলটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সিরাজনগর এলাকার একটি পাকা রাস্তার পাশে লাল টেপ দিয়ে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি দৌলতপুর থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মতিউর রহমান জানান, তাঁর বাড়ির পাশের পাকা রাস্তায় লাল টেপে মোড়ানো বস্তুটি পড়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। পরে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে বস্তুটি ককটেল সদৃশ বলে শনাক্ত করে উদ্ধার করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সিরাজনগর এলাকা থেকে একটি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ককটেলটি কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।
১৪৭ বার পড়া হয়েছে