রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণচেষ্টা, ৩ বিকাশ কর্মী আটক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ব্ল্যাকমেইল ও জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে তিন বিকাশ কর্মীকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি এবং শ্লীলতাহানির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ওই শিক্ষার্থী শাহজাদপুর পৌর এলাকার ডাকবাংলা পাড়ায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে মেস হিসেবে ভাড়া থাকেন। গত ২১ সেপ্টেম্বর রাতে তার এক সহপাঠী ব্যক্তিগত প্রয়োজনে মেসে এলে বিষয়টি সিসিটিভি ফুটেজে দেখতে পান পার্শ্ববর্তী বিকাশ সার্ভিস পয়েন্টের দায়িত্বে থাকা কর্মীরা।
এরই সূত্র ধরে গত ২৩ সেপ্টেম্বর সকালে সিসিটিভি ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ছাত্রীর কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে বিকাশ অফিসের আইটি বিশেষজ্ঞ তারেক রাব্বি ও তার সহযোগীরা। পরে ওই দিন রাতে পুনরায় টাকা দাবি করে এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বর্ণের চেইন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে তারেক রাব্বি ও প্রহরী হোসেন আলীসহ অন্য অভিযুক্তরা ছাত্রীকে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়।
ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করার পর শাহজাদপুর থানায় দ্রুত মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তারেক রাব্বি, হোসেন আলী এবং চয়ন ইসলামকে গ্রেপ্তার করে। তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে