পারিশ্রমিক চাওয়ায় রাঁধুনিকে মারধর, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র আটক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বকেয়া পারিশ্রমিক চাওয়ায় এক নারী রাঁধুনিকে মারধরের অভিযোগ উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এই ঘটনার জেরে স্থানীয়দের প্রতিবাদের মুখে অভিযুক্ত শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার শাহ মখদুম ছাত্রাবাসে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারে অবস্থিত শাহ মখদুম ছাত্রাবাসে দীর্ঘ দিন ধরে রান্নার কাজ করছেন পঞ্চাশোর্ধ্ব ফেরদৌসী বেগম। ওই ছাত্রাবাসের আবাসিক ছাত্র ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফেরদৌসের কাছে গত আগস্ট মাসের পারিশ্রমিক পাওনা ছিল তাঁর।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ১১ সেপ্টেম্বর সেই পাওনা পরিশোধ করার কথা থাকলেও তা দেওয়া হয়নি। মঙ্গলবার সকালে রাঁধুনি ফেরদৌসী বেগম পুনরায় তাঁর পারিশ্রমিক দাবি করলে শিক্ষার্থী ফেরদৌসের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওই নারী রাঁধুনিকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
এই মারধরের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও ফেরদৌসী বেগমের স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা শাহ মখদুম ছাত্রাবাসের সামনে জড়ো হয়ে শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেন। এর ফলে এলাকায় তীব্র যানজট ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে অভিযুক্ত শিক্ষার্থী ফেরদৌসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি শান্ত রাখতে অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
১২৫ বার পড়া হয়েছে