জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
রাতের আঁধারে হঠাৎ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে বগুড়া আইন কলেজ প্রাঙ্গণে মহানগর জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়, যেখানে বক্তারা অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।
মহানগর জামায়াতের এই বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের আইন কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বগুড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দলটির স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের ওপর বাড়তি খরচের বোঝা চাপিয়ে দিতেই সরকার রাতে এই জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও আকাশচুম্বী হবে এবং জনগণের দুর্ভোগ চরমে পৌঁছাবে।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করে তেলের দাম পূর্বাবস্থায় ফিরিয়ে আনা না হয়, তবে সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথে আরও কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
১৩৫ বার পড়া হয়েছে