কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন থানা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার সাব্বির (২৫)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় নির্মাণকাজ চলছিল। দুপুরে নিচ থেকে মাথায় করে রড ওপরে তুলছিলেন আফাজুল ও সাব্বির। এ সময় রড এসির বক্সে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১২১ বার পড়া হয়েছে