সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালীতে অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর বাস খাদে, নিহত ৪

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর সদর উপজেলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত চারজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নিহতরা হলেন গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের রাজ্জাক প্যাদার ছেলে কাইউম প্যাদা (৫০), চার আনি বাউরিয়া গ্রামের অনিল হাওলাদারের মেয়ে শিল্পী রানী (৪০), বদরপুর গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩৫) এবং বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের ধীরেন মিস্ত্রীর মেয়ে তিথী (২৩)।

নিহতদের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমরান ট্রাভেলসের বাসটি ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছে উদ্ধার অভিযান চালান। এ সময় ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, নিহত চারজনই অটোরিকশাটির যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর বাসটি পানিতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে বাসের যাত্রীদের মধ্যে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

বাসের যাত্রী সালমান বলেন, বাসটি শুরু থেকেই দ্রুতগতিতে চলছিল। দুর্ঘটনার সময় কীভাবে কী হয়েছে, তা বুঝে ওঠার আগেই বাসটি খাদে পড়ে যায়। তাঁর ভাষ্য, আল্লাহর রহমতে তাঁরা প্রাণে বেঁচেছেন।

আরেক যাত্রী আবির ইসলাম জানান, তাঁরা ঢাকায় তাবলিগ জামাতে যাচ্ছিলেন। তাঁর পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন। দুর্ঘটনার সময় তিনি নাতিকে কোলে নিয়ে ছিটকে পড়েন। পরে দুজনই বেঁচে আছেন বলে চিৎকার করে জানান।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজোয়ান বলেন, দুটি ইউনিট উদ্ধারকাজে অংশ নিয়েছে। বাসের ভেতরে কেউ আটকে আছেন কি না এবং পানির মধ্যে আরও কোনো মরদেহ রয়েছে কি না, তা খুঁজে দেখা হচ্ছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। উদ্ধারকাজ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০