সর্বশেষ

আন্তর্জাতিক

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের কাছে সর্বোচ্চ ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের এই সম্ভাব্য চুক্তির বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির কংগ্রেসকে অবহিত করেছে। চুক্তিটি বাস্তবায়িত হলে কোনো আরব দেশের কাছে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের এ যুদ্ধবিমান বিক্রি হবে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রস্তাবিত অস্ত্র বিক্রির মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ একটি নন-ন্যাটো মিত্র সৌদি আরবের নিরাপত্তা জোরদার হবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়তা করবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই (এমইই) কয়েক মাস ধরে সৌদি আরবের এফ-৩৫ কেনার বিষয়ে অগ্রগতির খবর প্রকাশ করে আসছিল। গত বছরের নভেম্বরে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের নতুন প্রতিরক্ষা অংশীদারত্বের আওতায় এফ-৩৫ কেনার বিষয়টি দ্রুত এগিয়ে নেওয়া হবে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউসে সফরের সময় ওই প্রতিরক্ষা অংশীদারত্ব চূড়ান্ত হয়।

এরপর গত ডিসেম্বরে এমইই জানায়, সৌদি আরবের কাছে এফ-৩৫ বিক্রির প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরায়েলের ‘কোয়ালিটেটিভ মিলিটারি এজ’ বা সামরিক শ্রেষ্ঠত্বের বিষয়টি পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন। বছরের শুরুতে মার্কিন সামরিক কর্মকর্তারা এ বিষয়ে কংগ্রেসের ক্যাপিটল হিলে একাধিক বৈঠক করেন।

চুক্তিটি এগিয়ে নিতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান চলতি গ্রীষ্মে একাধিকবার যুক্তরাষ্ট্র সফর করেন বলে মার্কিন কর্মকর্তারা এমইইকে জানিয়েছেন।

তবে এফ-৩৫ বিক্রির পরিকল্পনার ঘোষণা এমন সময়ে এল, যখন ইয়েমেনের হুথিদের হামলা নিয়ে সৌদি আরব চাপের মধ্যে রয়েছে। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির মুখে রয়েছে দেশটি। অন্যদিকে ইয়েমেনে সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে লড়াই করছে।

এমইইর প্রতিবেদনে বলা হয়েছে, হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বড় অংশের পাশাপাশি বাব আল-মান্দাব প্রণালির আরব উপসাগরমুখী অংশের নিয়ন্ত্রণ নিয়েছে।

সৌদি আরবের কাছে এফ-৩৫ বিক্রির বিরোধিতা করে আসছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণা তাঁর অবস্থানের বিপরীত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়া হলে চীনের হাতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি চলে যেতে পারে—এমন আশঙ্কা রয়েছে মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা মহলের কিছু কর্মকর্তার মধ্যে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস প্রশাসনের ঘোষণার এক দিন আগে এ ধরনের উদ্বেগের কথা জানিয়েছিল।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০