সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে নামজারি, গ্রেপ্তার ১

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) স্বাক্ষর জাল করে ভুয়া নামজারি বা মিউটেশন করার অভিযোগে কেএম প্রিন্স নামের এক দলিল লেখকের সহকারীকে আটক করেছে পুলিশ। একটি বেসরকারি আবাসন কোম্পানির অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে উপজেলা ভূমি অফিস থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এই চক্রের প্রতারণার কারণে কুয়াকাটায় বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছেন বলে জানা গেছে।

ভূমি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত কেএম প্রিন্স (৫০) কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন দলিল লেখকের সহকারী। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় ভূমি অফিসে বিভিন্ন দালালি ও প্রতারণামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী প্রতিষ্ঠান ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাম্মী আক্তার জানান, প্রায় তিন মাস আগে কলাপাড়ার খাজুরা মৌজার ৭টি দলিলের নামজারি সম্পন্ন করার জন্য তিনি প্রিন্সকে প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দেন। সম্প্রতি প্রিন্স দুটি দলিলের কাজ শেষ হয়েছে দাবি করে কিছু নথিপত্র তার হাতে তুলে দেন। তবে কাগজপত্রগুলো কোম্পানিতে এখনই জানাতে নিষেধ করায় কর্মকর্তাদের মনে সন্দেহের সৃষ্টি হয়।

পরবর্তীতে শাম্মী আক্তার ইন্টারনেটে কিউআর কোড স্ক্যান করে দেখতে পান যে নামজারির তথ্যগুলো সম্পূর্ণ ভুয়া। শুধু তাই নয়, ওই ভুয়া কাগজে কলাপাড়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড ইয়াসীন সাদেকের স্বাক্ষরের একটি স্ক্যান কপি জালিয়াতি করে বসানো হয়েছিল। বিষয়টি নিশ্চিত হয়ে রবিবার দুপুরে শাম্মী আক্তার কলাপাড়া উপজেলা ভূমি অফিসে গিয়ে পুলিশে মৌখিক অভিযোগ জানান এবং প্রিন্সকে পুলিশের হাতে সোপর্দ করেন।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের জালিয়াতি চক্রের কারণে কুয়াকাটা অঞ্চলের বিনিয়োগকারীরা জমি ক্রয় ও উন্নয়নে আস্থা হারাচ্ছেন। তিনি জানান, এ পর্যন্ত অন্তত ২৭টি এ ধরনের নামজারি জালিয়াতির ঘটনা তার নজরে এসেছে এবং এসবের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ধরনের প্রতারণা ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ অনুযায়ী মারাত্মক ও শাস্তিযোগ্য অপরাধ।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০