অবসরপ্রাপ্ত বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই ‘অযৌক্তিক’: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
অবসরপ্রাপ্ত বিচারপতি ও তাঁদের স্ত্রীদের সাধারণ পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে নতুন করে গোয়েন্দা যাচাইয়ের প্রয়োজন নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের সময় রাষ্ট্র তাঁদের পরিচয় ও মর্যাদা যাচাই করেই কূটনৈতিক পাসপোর্ট দিয়ে থাকে। তাই অবসরের পর সাধারণ পাসপোর্ট পেতে আবার গোয়েন্দা ভেরিফিকেশনের শর্ত আরোপ করা ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’।
অবসরপ্রাপ্ত বিচারপতি ও তাঁদের স্ত্রীদের সাধারণ পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত কোনো গোয়েন্দা যাচাই না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত রায়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।
আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলীর সাধারণ পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে জটিলতা নিয়ে করা রিটের রুল নিষ্পত্তি করে আদালত এ রায় দেন।
রায়ে আদালত পর্যবেক্ষণ করেন, বিচারক হিসেবে দায়িত্ব পালনের সময় রাষ্ট্র সংশ্লিষ্ট বিচারপতিদের পরিচয় ও মর্যাদা যাচাই করেই তাঁদের কূটনৈতিক পাসপোর্ট দিয়ে থাকে। ফলে অবসরের পর সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করলে আবার গোয়েন্দা যাচাইয়ের প্রক্রিয়ার মধ্যে নেওয়া অযৌক্তিক ও ভিত্তিহীন।
রিটের তথ্য অনুযায়ী, বিচারপতি পদ থেকে অবসর বা পদত্যাগের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে হয়। আগে এ ধরনের আবেদনের ক্ষেত্রে আলাদা গোয়েন্দা প্রতিবেদনের প্রয়োজন ছিল না।
তবে ২০২৪ সালের ২২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি স্মারক জারি করে। এতে কূটনৈতিক পাসপোর্ট সমর্পণকারীদের সাধারণ পাসপোর্ট দেওয়ার আগে দুটি গোয়েন্দা সংস্থার সন্তোষজনক প্রতিবেদন নেওয়ার শর্ত যুক্ত করা হয়।
এর পরিপ্রেক্ষিতে মোহাম্মদ ইমান আলী ২০২৪ সালের ৩ নভেম্বর তাঁর কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন। কিন্তু প্রয়োজনীয় গোয়েন্দা ক্লিয়ারেন্স না পাওয়ায় তাঁর পাসপোর্ট দেওয়া হয়নি। এতে বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও তিনি সমস্যায় পড়েন।
পরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অনুমতি নিয়ে হাইকোর্ট বিভাগের প্রোটোকল অফিসার মো. রোমান ভূঁইয়া এ প্রশাসনিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিট করেন।
সেই রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি ও তাঁদের স্ত্রীদের সাধারণ পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত গোয়েন্দা যাচাই না করার নির্দেশ দেন।
১০৬ বার পড়া হয়েছে