তেল পুড়িয়ে লংমার্চের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন প্রতিমন্ত্রী ফরহাদের
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে চলমান তেল সংকটের মাঝে হাজার হাজার লিটার জ্বালানি পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচির তীব্র সমালোচনা করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়ে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বিরোধীদের অপরাজনীতি রুখে দেওয়ার আহ্বান জানান।
আজ রবিবার পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সেখানে বক্তব্যে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিরোধীদের বিভিন্ন কর্মসূচির কঠোর সমালোচনা করেন।
প্রতিমন্ত্রী বলেন, জামায়াত ও এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট অতীতে তথাকথিত ‘জান্নাতের টিকিট’ বিক্রি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা চালিয়েছিল। সেই অপশক্তিই এখন তেল, বিদ্যুৎ ও সার সংকটের ধুয়া তুলে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এক দিকে তারা সংকটের কথা বলছে, অন্য দিকে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ করছে, যা সম্পূর্ণ দ্বিমুখী নীতি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে আরও বেশি সচেতন হওয়ার তাগিদ দেন। একই সঙ্গে পানিতে ডুবে অপমৃত্যুর হাত থেকে বাঁচাতে শিশুদের সাঁতার শেখানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ।
১২৪ বার পড়া হয়েছে