চাঁপাইনবাবগঞ্জে ৩৫ সীমান্ত যুবককে কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে অনন্য উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাংগায় ৫৩ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ৩৫ জন যুবকের ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ কর্মসূচি। এই প্রশংসনীয় পদক্ষেপ সীমান্ত এলাকার অপরাধ প্রবণতা কমিয়ে যুবসমাজকে অন্ধকার থেকে আলোর পথে ফেরাবে বলে আশা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ৫৩ বিজিবি ব্যাটালিয়ন আয়োজিত এই বিশেষ কারিগরি কোর্সে স্থানীয় বিভিন্ন গ্রামের ৩৫ জন বেকার যুবক অংশ নিয়েছেন।
বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে যুবকেরা পেশাদার ইলেকট্রিক্যাল কাজের বাস্তবমুখী জ্ঞান অর্জন করবেন, যা তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে বিজিবির এই সময়োপযোগী সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন।
সীমান্ত এলাকার যুবসমাজকে মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সঠিক পথে পরিচালিত করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য। সীমান্তবাসীর দারিদ্র্য দূরীকরণ ও জীবনযাত্রার মানোন্নয়নে ভবিষ্যতে এ ধরণের আরও নানা জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বিজিবি।
১২১ বার পড়া হয়েছে