বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় পূর্ণ স্বাধীনতায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অপসাংবাদিকতা রোধ ও গণমাধ্যমের গুণগত মানোন্নয়নে বাংলাদেশ প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
নেত্রকোনার কেন্দুয়া পাবলিক হল মিলনায়তনে আয়োজিত এক শিক্ষা কর্মসূচির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে প্রতিমন্ত্রী জানান, স্বাধীন সাংবাদিকতার পথ সুগম করতে সরকার কোনো ধরনের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করবে না। সাংবাদিকরা যেকোনো ভয়ভীতি ও চাপের ঊর্ধ্বে থেকে স্বাধীনভাবে সত্য তুলে ধরবেন, এটাই সরকারের কাম্য। তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের সঠিক তথ্য পাওয়ার অধিকার নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গণমাধ্যমের গুণগত মান বজায় রাখতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়মিত পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের সক্ষমতা ও কাজের পরিধি আরও বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে।
সাংবাদিকদের সার্বিক কল্যাণের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বর্তমান বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার একটি প্রস্তাব ইতিমধ্যে পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে তিনি দেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে সরকারের গৃহীত পদক্ষেপের কথাও তুলে ধরেন।
১০৫ বার পড়া হয়েছে