মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে ট্রলারডুবি: ২ জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ২
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেলে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই জেলে। বৃহস্পতিবার ভোরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে মহেশখালীর কুতুবজুম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে কয়েকজন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সাগরে মাছ ধরা শেষে ফেরার পথে বৃহস্পতিবার ভোরে সোনাদিয়া চ্যানেলে এসে পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি চালিয়ে দুই জেলের মরদেহ উদ্ধার করেন। নিহতরা হলেন ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। তবে এই দুর্ঘটনায় নুরুল আলম ও মুহিব উল্লাহ নামের আরও দুই জেলে এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া মরদেহ দুটি এরই মধ্যে তাদের নিজ বাড়িতে হস্তান্তর করা হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নিখোঁজ জেলেদের সন্ধানে তল্লাশি জোরদার করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
১২৩ বার পড়া হয়েছে