কলাপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কলাপাড়া উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরিফুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান কাজল তালুকদার, প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. শাহাদাত হোসেন এবং সাবেক শরীরচর্চা শিক্ষক মো. নিজাম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক নুরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, আনন্দহীন শিক্ষা মানুষের মানসিক বিকাশ ঘটাতে পারে না। শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে নিয়মিত ক্রীড়া চর্চার মধ্যে রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি এবং প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শারীরিক শিক্ষার শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
১১৮ বার পড়া হয়েছে