৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য: বেনাপোলে বিএনপির কর্মসূচি
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের বেনাপোলে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে পৌর বিএনপি। আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা অর্জনে বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। বুধবার বিকেলে বেনাপোল পৌরসভার গেট এলাকায় এক হাজার দুইশত দৃষ্টি নন্দন ও শোভা বর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের ব্যক্তিগত অর্থায়ন ও সার্বিক তত্ত্বাবধানে এই প্রশংসনীয় উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে। ইতিমধ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কয়েক হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
কর্মসূচি চলাকালে আবু তাহের ভারত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের অপরিসীম ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দলটির কেন্দ্রীয় লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা লাগানোর যে পরিকল্পনা রয়েছে, বেনাপোলের এই উদ্যোগ তারই অংশ।
তিনি আরও যোগ করেন, পরিবেশ রক্ষার এই লড়াইয়ে কেবল দলীয় নেতাকর্মীই নয়, বরং দেশের সকল স্তরের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সরকারি পর্যায়েও বড় পরিসরে এমন উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। উক্ত কর্মসূচিতে বেনাপোল পৌর বিএনপি ও তার অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে চারা রোপণে অংশ নেন।
১২০ বার পড়া হয়েছে