বিশ্বের সব দেশের সাথে সুসম্পর্ক রেখে নতুন রাজনীতি শুরু হয়েছে: ড. মঈন খান
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান জানিয়েছেন, বিশ্বের সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশের নতুন রাজনৈতিক পথচলা শুরু হয়েছে। নরসিংদীর পলাশে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি বলেন, এই পরিবর্তনের সুফল অচিরেই দেশের ১৮ কোটি মানুষ ভোগ করবে।
পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে আয়োজিত এক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল মঈন খান পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বলেন, দীর্ঘ ১৭ বছরে দেশের অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। শিল্পকারখানাগুলো চরম সংকটে পড়েছে এবং পলাশের ১ হাজার ২৪ মেগাওয়াটের দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ থাকায় দেশে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। বিএনপি এই বন্ধ প্রতিষ্ঠানগুলো সচল করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে কাজ করছে।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি ক্ষমতার জন্য নয় বরং জনগণের সেবার জন্য রাজনীতি করে। অতীতে বেগম খালেদা জিয়া ক্ষমতা স্বেচ্ছায় ছেড়ে দিয়ে প্রমাণ করেছিলেন যে দলটির লক্ষ্য কেবল ক্ষমতার লিপ্সা নয়। বর্তমান সরকার দেশের মানুষের সার্বিক উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত সব নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার মাধ্যমে স্থানীয় প্রশাসনকে শক্তিশালী করা হবে। তিনি নেতাকর্মীদের সৎ পথে থেকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং দেশের অগ্রগতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
১০৫ বার পড়া হয়েছে