সীমান্তে নজরদারিতে ব্যবহার হবে অত্যাধুনিক ড্রোন: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবার যুক্ত হচ্ছে আধুনিক ড্রোন প্রযুক্তি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন। দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকায় এই প্রযুক্তির ব্যবহার সীমান্ত সুরক্ষাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিলেটের বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধনের পর এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্গম সীমান্তে জনবল মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নাইট ভিশন ও থার্মাল প্রযুক্তিসংবলিত ড্রোন ব্যবহার করা হবে, যা রাতের আঁধারেও ওপার সীমান্ত পর্যবেক্ষণ করতে সক্ষম।
তিনি উল্লেখ করেন, ড্রোন প্রযুক্তির কার্যকর ব্যবহারের ফলে চোরাচালান, মাদক এবং অবৈধ অস্ত্রের রুট শনাক্ত করা সহজ হবে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে দুর্যোগ মোকাবিলায় ও সরাসরি ত্রাণসামগ্রী বিতরণে ইতিপূর্বে বিজিবি সদস্যরা সফলতার সাথে ড্রোন পরিচালনা করেছেন।
বর্তমানে এই নতুন স্কুলে শুধু বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে আগামীতে বেসামরিক জনবলকেও এই ড্রোন পরিচালনায় প্রশিক্ষিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী দুই বছরের মধ্যে এখানে বিশ্বের সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি সংযোজন করা হবে।
মাদকের আইনি প্রক্রিয়া ও আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত এক প্রশ্নে মন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও কঠোর ও আধুনিক করা হয়েছে। পাশাপাশি ‘মব’ তৈরি করে দেশের আইনি কার্যক্রমে যারা বাধা সৃষ্টি করার চেষ্টা করবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন। তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে ড্রোন প্রদর্শনীর সার্বিক কার্যক্রম ঘুরে দেখান।
১৩৩ বার পড়া হয়েছে