শিক্ষায় বাজেট ৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা আছে: কুয়েটে শিক্ষামন্ত্রী
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বর্তমান বাজেট বরাদ্দ ৩.৪ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করছে সরকার। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। একই সাথে তিনি শিক্ষা ক্ষেত্রে সরকারের বিভিন্ন নতুন উদ্যোগ ও শিক্ষক নিয়োগের জটিলতা নিরসনের আশ্বাস দেন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অডিটোরিয়ামে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান আলী এবং সাধারণ সম্পাদক রায়হান আহমেদ।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে জিপিএ-৫ প্রাপ্ত ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে এক হাজার টাকা করে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া মাধ্যমিক স্তরের ছাত্রীদের শিক্ষা কার্যক্রমে গতি আনতে এবং বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে বিনামূল্যে বাইসাইকেল প্রদানের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
শিক্ষা ক্যাডারে নিয়োগের দীর্ঘসূত্রতা প্রসঙ্গে মন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয়ে বর্তমানে প্রায় সাড়ে চার হাজার শিক্ষক নিয়োগের বিষয়টি নানা আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে আছে। এই সংকট দ্রুত সমাধান করে দ্রুততম সময়ের মধ্যে যোগ্য শিক্ষকদের নিয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উচ্চশিক্ষার মান বজায় রাখার ওপর জোর দিয়ে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ে যত্রতত্র নতুন বিভাগ খোলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কিংবা আর্কিটেকচারের পাশাপাশি আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিংয়ের মতো একই ঘরানার বিভাগ চালুর পূর্বে তাদের প্রকৃত উপযোগিতা ও বাজার চাহিদা কঠোরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
বর্ণাঢ্য এই আয়োজনে কুয়েত দিবস উপলক্ষে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, বিশেষ প্রদর্শনী, বিভিন্ন ল্যাব উন্মুক্তকরণ, ক্রীড়া প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১২৩ বার পড়া হয়েছে