কলাপাড়ায় বর্বরতা: বিষ প্রয়োগে মেরে ফেলা হলো দুই শতাধিক দেশি মুরগি
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় পূর্বশত্রুতার জেরে বিষাক্ত গ্যাস বা বিষ প্রয়োগ করে একটি খামারের দুই শতাধিক দেশি মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার ভোরে পৌর শহরের সবুজবাগ এলাকায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটে। এই বর্বরোচিত ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারটি।
কলাপাড়া মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাকিম মৃধার বাড়িতে এ ঘটনা ঘটেছে। তাঁর স্ত্রী জানান, মাত্র দুই মাস আগে বাড়ির আঙিনায় দেশীয় মুরগি পালনের জন্য দুটি ছোট খামার গড়ে তোলেন তারা। সেখানে উন্নত যত্নে প্রায় ২০০টি দেশি মুরগির বাচ্চা বড় করা হচ্ছিল, যেগুলোর প্রতিটির ওজন বর্তমানে ৬০০ থেকে ৭০০ গ্রাম হয়েছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত তিনটার সময়ও মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ ও জীবন্ত ছিল। কিন্তু সোমবার সকাল ৭টার দিকে খামারে গিয়ে সব মুরগি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভুক্তভোগীদের ধারণা, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা শত্রুতা বশত বিষাক্ত গ্যাস বা বিষ প্রয়োগ করে খামারের সব মুরগি মেরে ফেলেছে।
খবর পেয়ে কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মো. আলী আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তীব্র বিষক্রিয়ার কারণেই মুরগিগুলোর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে তিনি নিশ্চিত করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মারুফ হোসেন জানান, পারিপার্শ্বিক অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি বিষক্রিয়া, কারণ কোনো আকস্মিক রোগে এত দ্রুত এতগুলো মুরগির মৃত্যু অসম্ভব। তবে ল্যাব পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
এদিকে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
১০৭ বার পড়া হয়েছে