সর্বশেষ

আইন-আদালত

আছিয়া হত্যা-ধর্ষণ: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার দায়ে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। নিম্ন আদালতের দেওয়া ফাঁসির রায় এবং এক লাখ টাকা জরিমানার আদেশই উচ্চ আদালতে চূড়ান্তভাবে বহাল রইল।

এ সংক্রান্ত বিষয়ে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে সোমবার (৩১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন ।

ঘটনাটি ঘটেছিল গত বছরের ৫ মার্চ রাতে। মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় নিজের বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পৈশাচিক নির্যাতনের শিকার হয় আট বছর বয়সী ওই অবুঝ শিশু। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হননি, ঘটনা ধামাচাপা দিতে তাকে হত্যারও চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

এই মর্মান্তিক ঘটনার পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকেই গ্রেপ্তার করে। বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামি—নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ, সজীবের ছোট ভাই রাতুল শেখ এবং মা জাহেদা বেগমকে আদালত বেকসুর খালাস দেন।

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ডাদেশ হলে তা কার্যকরের জন্য উচ্চ আদালতের অনুমোদন বা ডেথ রেফারেন্সের প্রয়োজন হয়। সেই আইনি ধারাবাহিকতায় গত বছরের ২১ মে মামলার যাবতীয় নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছায়। এরপর নিয়মমাফিক যাচাই-বাছাই শেষে পেপারবুক (মামলার পূর্ণাঙ্গ বৃত্তান্ত) তৈরির জন্য তা বিজি প্রেসে পাঠানো হয়। ৮ জুন প্রস্তুতকৃত পেপারবুক হাইকোর্টে আসার পর একটি বিশেষায়িত বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হয়। সব পক্ষের যুক্তিতর্ক ও নথিপত্র পর্যালোচনা শেষে হাইকোর্ট বিচারিক আদালতের দেওয়া হিটু শেখের সর্বোচ্চ সাজার রায়ই বহাল রাখেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন