কুষ্টিয়ার জুনিয়াদহ ইউপি নির্বাচন: বিএনপির মনোনয়ন চান আব্দুর রশিদ
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬ নং জুনিয়াদহ ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। এই নির্বাচনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তৃণমূল বিএনপির পরীক্ষিত নেতা এবং বর্তমান ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। এলাকায় একজন সৎ, যোগ্য ও সমাজসেবক হিসেবে পরিচিত এই নেতা দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী।
কুষ্টিয়া জেলার দৌলতপুর ও ভেড়ামারা অঞ্চলের স্থানীয় রাজনীতিতে এখন নির্বাচনী হাওয়া বইছে। বিশেষ করে ৬ নং জুনিয়াদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় চলছে নানা সমীকরণ। ভোটারদের মুখে মুখে ঘুরছে যোগ্য প্রার্থীর নাম। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রশিদ।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে সক্রিয় হন আব্দুর রশিদ। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে এবং নেতাকর্মীদের যেকোনো সংকটে তাকে পাশে পাওয়া গেছে বলে জানান স্থানীয়রা।
এলাকার ভোটার ও তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন, একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন গড়ে তোলার জন্য আব্দুর রশিদের মতো সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কাজে যুক্ত থাকায় সাধারণ মানুষের মাঝে তাঁর একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।
নিজের প্রার্থীতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপি নেতা আব্দুর রশিদ জানান, দল যদি তাকে আসন্ন নির্বাচনে মনোনয়ন দেয়, তবে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। নির্বাচিত হলে জুনিয়াদহ ইউনিয়নকে একটি আদর্শ ও সেবামূলক জনপদে রূপান্তর করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। তৃণমূলের এই ত্যাগী নেতাকে ঘিরেই এখন স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
১০৮ বার পড়া হয়েছে