পাবনার চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে ক্লেমনের গাছের চারা বিতরণ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ১০:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার চাটমোহরে সেন্ট রিটাস্ স্কুলের শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। ‘এক লক্ষ্যে এক লাখ’ স্লোগান নিয়ে ক্লেমন বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এই পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়।
শনিবার সকালে সেন্ট রিটাস্ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ফাদার পিউস গোমেজ। সহকারী শিক্ষিকা মিতু চন্দ্র মারিয়ার চমৎকার সঞ্চালনায় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল চারা রোপণ করলেই হবে না, প্রতিটি গাছের যথাযথ যত্ন ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। তবেই এই সবুজ উদ্যোগ পূর্ণতা পাবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক আজহারুল ইসলাম, নুরুল ইসলাম, রিতা পিরিচ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। গণমাধ্যমকর্মীদের মধ্যে দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি শামীম হাসান মিলন, দৈনিক যুগান্তরের পবিত্র তালুকদার, কালের কণ্ঠের আব্দুল লতিফ রঞ্জু ও প্রতিদিনের বাংলাদেশের সঞ্জিত চক্রবর্তী সোনা প্রমুখ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
১০৮ বার পড়া হয়েছে