সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ২:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের কামারখন্দে ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৭০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হালুয়াকান্দি নয়াপাড়া কবরস্থান সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। রেললাইনের ওপর খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন হালুয়াকান্দি এলাকা অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় প্রচণ্ড বৃষ্টি থাকায় রেললাইনের আশপাশে কোনো মানুষ ছিল না। ফলে কিভাবে ওই বৃদ্ধা রেললাইনে উঠেছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বৃষ্টি থামার পর রেললাইনের ওপর বৃদ্ধার খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে সিরাজগঞ্জ বাজার রেলস্টেশন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়।
সিরাজগঞ্জ বাজার রেলস্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত বৃদ্ধার পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য আশেপাশের এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে। এই বিষয়ে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১১২ বার পড়া হয়েছে