পঞ্চগড়ে সেফটি ট্যাংকে রাজমিস্ত্রির মৃত্যু: আঙিনায় লাশ ফেলে পালালো অভিযুক্তরা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ের দেবীগঞ্জে সেফটি ট্যাংক সংস্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে বাবুরাম দেবসিংহ নামের এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে না নিয়ে উল্টো লাশ বাড়ির আঙিনায় ফেলে পালিয়ে গেছে নিয়োগকর্তারা। এই ঘটনায় চরম অবহেলার অভিযোগ এনে থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের পরিবার।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তি বলরামপুর নিজধাম এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার দিন সকালে তাকে একটি নবনির্মিত সেফটি ট্যাংকের ভেতর সংস্কার কাজের জন্য ডেকে নেওয়া হয়।
এজাহারের বিবরণ অনুযায়ী, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সেফটি ট্যাংকটিতে কোনো ধরনের পূর্ব-সতর্কতা বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই তাকে ভেতরে নামানো হয়েছিল। সেখানে কাজ করার কিছুক্ষণ পরেই বিষাক্ত গ্যাসের কারণে তীব্রভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। কিন্তু নিয়োগকর্তারা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা না করে অযথা সময়ক্ষেপণ করেন বলে অভিযোগ স্বজনদের।
নিহতের পরিবারের দাবি, সঠিক সময়ে হাসপাতালে নিয়ে গেলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো। সকাল থেকে বিকালের কোনো এক সময়ে ট্যাংকের ভেতরেই তার দম আটকে মৃত্যু হয়। এরপর সন্ধ্যা নামতেই অভিযুক্তরা একটি অটোভ্যানে করে মরদেহটি নিহতের বাড়ির উঠানে ফেলে রেখে দ্রুত সটকে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠায়। নিহতের কাকা বুদ্ধ চরণ দেবসিংহ বাদী হয়ে আটজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুসা মিঞা জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা বাড়ি ছেড়ে পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
১১০ বার পড়া হয়েছে